আজমিরীগঞ্জ উপজেলায় বোরো ধান সংগ্রহ-২০২৬ মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহের জন্য কৃষক বাছাইয়ের উন্মুক্ত লটারি কার্যক্রম উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান (জীবন)।
মঙ্গলবার (৫ মে) দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিস ও খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে এ লটারি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে এমপি ডা. সাখাওয়াত হাসান ( জীবন) বলেন, “সরকার কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে বদ্ধপরিকর। লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কৃষক বাছাই করা হচ্ছে। এখানে কোনো তদবির চলবে না। কোনো ধরনের দূর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, “হাওরের প্রকৃত কৃষক যেন সরাসরি সরকারি গুদামে ধান দিতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। মধ্যস্বত্বভোগীরা যেন কোনোভাবেই সুযোগ নিতে না পারে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি মৌসুমে আজমিরীগঞ্জ উপজেলা থেকে বোরো ধান সংগ্রহের জন্য তালিকা ভিত্তিক প্রকৃত কৃষক নির্ধারণ করা হয়েছে।
সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজি ৩৬ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হবে।
উপজেলার কৃষি অফিসের তথ্যমতে, সরাসরি লটারির মাধ্যমে কৃষকগণ নির্বাচিত হয়ে ধান দেওয়ার সুযোগ পাবে।
সদর ইউনিয়ন ৫০৬ জনের মধ্যে লটারি মাধ্যমে পাবেন ৬৪ জন। বদলপুরে আবেদন করেন ৬৯৯জন, পাবেন ৬৭ জন।জলসূখা ইউনিয়নে ৭০৯ জনের মধ্যে পাবেন ৬৭ জন। পৌরসভার ৮০২ জনের মধ্য পাবেন ৭৬ জন। শিবপাশা থেকে ১১৩৩ মধ্যে পাবেন ১০৭ জন। জলসুখা ইউনিয়ন থেকে ১১৭২ জনের মধ্যে ১১১ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম সভাপতিত্বে লটারি উদ্ভোদন অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ কৃষকগণ।
আগামী ১৫ মে থেকে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
