হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এম্যাজিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ৫৮তম মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের সরকারি মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে পশ্চিমভাগ ওল্ডস্টার ফুটবল একাদশ ৩-২ গোলের ব্যবধানে মুরাদপুর ফুটবল ফেডারেশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে শুরুতে ১৬টি দল অংশ নেয়। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ ও মুরাদপুরের দুটি শক্তিশালী দল মুখোমুখি হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল, পশ্চিমভাগ ওল্ডস্টার দলের খেলোয়াড়দের হেলিকপ্টারে করে মাঠে আনা। গ্রামীণ জনপদে এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় করেন। হেলিকপ্টার দেখতে যেমন মানুষের আগ্রহ ছিল, তেমনি জাতীয় দলের ফুটবলার ও বিভিন্ন বিভাগের অভিজ্ঞ খেলোয়াড়দের খেলা উপভোগ করতেও দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ওল্ডস্টারের প্রতিষ্ঠাতা সামায়ুন মোল্লার অর্থায়নে এবং মুরাদপুর গ্রামবাসী ও প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন ডিভিশনের অভিজ্ঞ ফুটবলাররা অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ। তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন ক্রীড়া আয়োজন সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি এম্যাজিং ক্লাব ও আয়োজকদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন পশ্চিমভাগ ওল্ডস্টার ফুটবল একাদশ ও রানার্সআপ মুরাদপুর ফুটবল ফেডারেশনের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
