- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে আজমিরীগঞ্জ বাঁশবাজারের পাশের নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মরিয়ম বিবি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহামোহাম্মদ নগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পেছনে কালনী নদীতে গোসল করতে যান মরিয়ম বিবি। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে তিনি নিখোঁজ হন।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন বুধবার সকালে বাঁশবাজারের পাশের নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপু দাস জানান, মরিয়মের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

আবেদন গৃহীত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউপি সদস্য মো. মহিবুর মিয়া জানান, প্রায় এক বছর আগে মরিয়ম বিবির সঙ্গে আমজাদ মিয়ার বিয়ে হয়। নদীতে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হওয়ার পর বুধবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন