‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও কিউআর কোড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসি আজমিরীগঞ্জ শাখা প্রাঙ্গণে এ ক্যাশলেস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোশায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অপারেশন ম্যানেজার মো. জাবির হাসান বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবারু চন্দ্র মোহন্ত, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও আঞ্চলিক প্রধান, পূবালী ব্যাংক পিএলসি, হবিগঞ্জ অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন আজাদ, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), পূবালী ব্যাংক পিএলসি, হবিগঞ্জ অঞ্চল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খালেদুর রশীদ ঝলক, মাসুদ পারভেজ, দেবাশীষ বনিক ও মো. আবুল মিয়া। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালুর মাধ্যমে আর্থিক কার্যক্রম আরও দ্রুত, সহজ ও নিরাপদ করা সম্ভব। একই সঙ্গে ক্যাশলেস লেনদেনের ফলে আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে।
পূবালী ব্যাংক পিএলসি আজমিরীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোশায়েত হোসেন বলেন, “ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয় করে না, বরং এটি একটি স্বচ্ছ ও নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে উপস্থিত গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে কিউআর কোড বিতরণ করা হয়। বক্তারা নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার জন্য সবাইকে উৎসাহিত করেন।
