- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

আখালিয়ায় সড়ক দুর্ঘটনায় শাবি শিক্ষার্থী নিহত

সিলেট নগরীর আখালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সাদমান রহমান নাবিল (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার (১০ অক্টোবর) রাত ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ প্রধান সড়কে তপোবন আবাসিক এলাকার প্রবেশগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালানোর সময় সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর সহপাঠীরা গুরুতর আহত অবস্থায় নাবিলকে প্রথমে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাত ১টার দিকে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নাবিল বিশ্ববিদ্যালয়ের হলসংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে বসবাস করতেন। তাঁর স্থায়ী ঠিকানা রাজবাড়ী সদর থানার মধ্য ভবানীপুর গ্রামে। তাঁর বাবার নাম আনিসুর রহমান।

এদিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন। তিনি জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা যায়নি।
বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন