সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়। এরপর আদালত এ আদেশ দেন। আদালতে তোলার সময় হাসিমুখে ছিলেন পল্লব। এসময় আশপাশের লোকজনের সাথে তাকে হাসিমুখে কথা বলতে দেখা যায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, দুটি মামলায় আবুল কাশেম পল্লবকে গ্রেফতার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
গত শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছিল বিয়ানীবাজার থানার পুলিশ। পরে তাকে সিলেটে আনা হয়।
পুলিশ জানায়, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে সিলেট ও বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরও বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে পল্লব সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রকাশ্যে মিছিল-সমাবেশ আয়োজন এবং আদালতের নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
