‘উধাও’ হওয়া ‘তাজু ভাই ২.০’ পেজটি ফিরে পাওয়ার খবর জানিয়েছেন, ‘সরকারি রেটে জিলাপি বিক্রির’ কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তাজুল ইসলাম।
সোমবার (৬ এপ্রিল) সকালে স্যোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি এ খবর জানান।
আজ ফেসবুকে তাজুল ইসলাম একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে তাজু ভাই ২.০ পেজটি ফিরে পেয়েছি’। এর আগে গতকাল দুপুরের পর থেকে পেজটি ফেসবুকে অদৃশ্য হয়ে যায়।
সে সময় তাইজুল ইসলামের সহযোগী শাহআলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণেও হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, স্বল্প সময়ের মধ্যেই পেজটি পুনরায় চালু হবে।
অবশেষে স্বর্ণের দামে পতন, ভরিতে কমল কত?অবশেষে স্বর্ণের দামে পতন, ভরিতে কমল কত?
জানা গেছে, মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিকভাবে ভাইরাল হয়ে ওঠেন তাজুল ইসলাম।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিন্নধর্মী উপস্থাপনা ও কথাবলার স্টাইলের কারণে ভিডিওটি দ্রুত স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং শুরুতে ট্রল হলেও পরে তা প্রশংসায় রূপ নেয়। প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও স্থানীয় মানুষের নানা সমস্যাকে তুলে ধরে তৈরি করা তার একাধিক ভিডিও ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই তার পেজের ফলোয়ার সংখ্যা এক মিলিয়নের ঘর ছাড়িয়ে যায়।
ভাইরাল হওয়ার পর থেকে তাইজুলের বাড়ি যেন এক অস্থায়ী স্টুডিওতে পরিণত হয়েছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের কনটেন্ট নির্মাতা, এমনকি কিছু স্বঘোষিত সাংবাদিক প্রতিদিন বাড়িটিতে ভিড় করছেন। কেউ কেউ টাকা দিয়ে নিজেদের মতো করে ভিডিও বানাচ্ছেন, কেউ আবার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে তাইজুলের স্বাভাবিক জীবনযাপন।
