‘আলোকিত মানুষের জীবনদর্শনে উপকৃত হয় দেশ ও জাতি’

আলোকিত মানুষের জীবনদর্শনে উপকৃত হয় দেশ ও জাতি। ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থে এমন কয়েকজন মানবসেবীর জীবনদর্শন উঠে এসেছে, যারা দেশ-বিদেশে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর এই গ্রন্থটি মানুষকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে আরও বেশি প্রেরণা যোগাবে।

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সংগঠক প্রকৌশলী ফখরুল আলম-এর সদ্য প্রকাশিত নতুন গ্রন্থ ‘বিলেতের আলোকিতজন’-এর পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডায় বক্তারা এসব কথা বলেন। গত ১৮ জুলাই, ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৭টায় সিলেটের পূর্ব জিন্দাবাজারস্থ ‘হোটেল গোল্ডেন সিটি’র কনফারেন্স হলে এক জাঁকজমকপূর্ণ আবহে এই সাহিত্য সন্ধ্যার আয়োজন করা হয়।

পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থের লেখক প্রকৌশলী ফখরুল আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পাঠ আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বরেণ্য কবি প্রিন্সিপাল কালাম আজাদ, বর্ষীয়ান সাংবাদিক, লেখক ও বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, কবি, গল্পকার ও সমাজচিন্তক সালেহ আহমদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লেখক মোঃ নুরুজ্জামান, বিজ্ঞানকবি ও সমাজচিন্তক হাসনাইন সাজ্জাদী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু জাফর মোহাম্মদ সালেহ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তাজুল ইসলাম। এরপর স্বাগত বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেলাল আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন টিআইবি সিলেট-এর সাবেক সভাপতি সমিক শহীদ জাহান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি মুহিত চৌধুরী, নাগরি গবেষক মফিক মুহাম্মদ, সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, কবি ফুয়াদ বিন রশিদ, সাংবাদিক সংগ্রাম সিংহ, সাংবাদিক আনিস মাহমুদ, কবি জান্নাত আরা খান পান্না, কবি আব্দুল বাছিত প্রমুখ। অনুষ্ঠানে লেখক পরিচিতি পাঠ করেন মুনতাহা নাজাত ও হুমায়রা মেহজাবিন কানিজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মাহিমা আক্তার প্রমুখ।

সম্মানিত অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও বরেণ্য কবি প্রিন্সিপাল কালাম আজাদ বলেন, ফখরুল আলম নিজের কমিউনিটিকে ধারণ করেন দৃঢ়ভাবে। এই ধ্যানকে সামনে রেখে বিলেতের বাঙালি কমিউনিটির আলোকিত মানুষদেরকে নিয়ে লিখেছেন, এ জন্য তিনি প্রশংসার দাবিদার।

বর্ষীয়ান সাংবাদিক, লেখক ও বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী বলেন, ব্যক্তি, সমাজ কিংবা কমিউনিটির জন্য যারা নিবেদিতপ্রাণ তাদের জীবন-কর্মকে তুলে ধরা একটি মহৎ কাজ। ফখরুল আলম সেই কাজটিই সম্পন্ন করেছেন। এটি একটি নৈতিক দায়; যা একটি মূল্যায়নকেন্দ্রিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।

বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, প্রবাসের রোবোটিক লাইফকে পেছনে ফেলে ফখরুল আলম একটি মহান কর্ম সম্পাদন করেছেন। এটি নতুন প্রজন্মকে একটি পথ দেখিয়ে দিল। ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থটি নবীন ও প্রবীণদের মধ্যে সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবে।

কবি, গল্পকার ও সমাজচিন্তক সালেহ আহমদ বলেন, প্রকৌশলী ফখরুল আলমের ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থটি প্রবাসে অবস্থানরত গুণীজনদের অবদান ও তাদের জীবনগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি অনন্য দলিল হিসেবে কাজ করবে।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক প্রকৌশলী ফখরুল আলম উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বইটির লিখনী ও পেছনের অনুপ্রেরণার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্য দেন বায়েজীদ মাহমুদ ফয়সল। তারলর সমাপনী বক্তব্যের মাধ্যমে এই প্রাণবন্ত ও সফল সাহিত্য সন্ধ্যার সমাপ্তি ঘটে। তিনি তাঁর বক্তব্যে সৃজনশীল ধারাকে এগিয়ে নিতে লেখক ও প্রকাশক সকলকেই সমানভাবে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন