আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক), সিলেট জেলা কমিটির অভিষেক, “মানবাধিকার সুরক্ষা ও আইনি সহায়তায় আমাদের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান নগরীর স্পাইসি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে শনিবার (০৭ নভেম্বর) বিকেলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই আয়োজনের শুরুতে আসক সিলেট জেলা কমিটির আনুষ্ঠানিকভাবে অভিষেক সম্পন্ন হয়। এরপর নিবন্ধিত সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞগণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, অনুষ্ঠানে বিশিষ্টজনদের সম্মাননা প্রদান এবং প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানানো হয়। এসময় অতিথিবৃন্দ গুণীজনদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) আয়েশা বেগম। প্রধান অতিথির বক্তব্যে চিফ লিগ্যাল এইড অফিসার আয়েশা বেগম আইনি সহায়তার বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসচ্ছল ও অধিকারবঞ্চিত মানুষের আইনি লড়াইয়ে বিনা খরচে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। সিলেট জেলা লিগ্যাল এইড অফিস দেশের মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি মানবাধিকার রক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মো. জুলহাস উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট গুলাম ইয়াহ্ইয়া চৌধুরী (সুহেল) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবের, লিগ্যাল এইড সেন্টার (আসক) সিলেট বিভাগের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ আল মামুন এবং আসক সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান খোন্দকার রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর চেয়ারম্যান রকিব আল মাহমুদ। অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত এই পুরো অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনায় ছিলেন আসক-এর চেয়ারম্যান রকিব আল মাহমুদ এবং চৌধুরী নাজমুল হাসান।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা কার্যক্রমের প্রসার এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
