- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বাহুবলে জেলা পরিষদের পুকুর দখল, ইউএনওর অভিযানে একজনের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবল বাজারে জেলা পরিষদের সরকারি স্বার্থসংশ্লিষ্ট পুকুর অবৈধভাবে দখলের অপরাধে মাসুক মিয়া নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মাসুক মিয়া উপজেলার পূর্ব জারিয়া এলাকার রফিক উল্লাহর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাহুবল বাজারে জেলা পরিষদের সরকারি স্বার্থসংশ্লিষ্ট পুকুর অবৈধভাবে দখলের অপরাধে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। দণ্ডাদেশের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। সরকারি সম্পত্তি অবৈধ দখল প্রতিরোধ এবং সরকারি স্বার্থসংশ্লিষ্ট সম্পদ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন