বাহুবলে জুয়ার আসরে অভিযান, একজনের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার সময় হাতেনাতে আটক হওয়া এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলি গ্রামে অভিযান চালান বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে মো. নেওয়াজ আলী (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার শেষে সংশ্লিষ্ট আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে বাহুবল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ইউএনও উজ্জ্বল রায় বলেন, জুয়া পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। এটি মানুষকে আর্থিক সংকট ও ঋণের বোঝার দিকে ঠেলে দেয়। তাই সবাইকে জুয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও বলেন, কোথাও জুয়া খেলার তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন