বাহুবলের ড. রেজা কিবরিয়ার পক্ষে সিমি কিবরিয়ার গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তাঁর সহধর্মিণী সিমি কিবরিয়া। সোমবার (২৬ জানুয়ারি ) দুপুরে বাহুবল উপজেলার ৫নং লামাতাসি ইউনিয়নের নন্দনপুর গ্রামে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে সিমি কিবরিয়া বলেন, ড. রেজা কিবরিয়া একজন সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক নেতা। তিনি নির্বাচিত হলে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে সংসদে সোচ্চার ভূমিকা রাখবেন। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত- এবার জনগণ পরিবর্তন চায়।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের কথা বলার অধিকার ফিরবে এবং উন্নয়নের সঠিক বণ্টন নিশ্চিত করা হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় অনেক ভোটার জানান, তারা সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়াকে সমর্থন করছেন এবং ভোটের মাধ্যমে তাদের মত প্রকাশ করতে চান।

উল্লেখ্য, নবীগঞ্জ-বাহুবল আসনে নির্বাচনী প্রচারণা দিন দিন জমে উঠছে। প্রার্থীদের গণসংযোগ ও সভা-সমাবেশে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন