- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বালাগঞ্জে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

বালাগঞ্জে উপজেলায় দিনভর বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি বালাগঞ্জে পৌঁছলে তাঁকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

পরিদর্শনকালে তিনি সরকারি সেবার মান, দাপ্তরিক কার্যক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং নাগরিকদের দ্রুত, সহজ ও ভোগান্তিবিহীন সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক সকাল ১০টা ৩০ মিনিটে বালাগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এর পর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ, কায়েস্তঘাট কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।

বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম, সেবাগ্রহীতাদের সুযোগ-সুবিধা এবং সেবা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেন।

সরকারি সেবা নিতে আসা মানুষ যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

দিনব্যাপী এ পরিদর্শনে সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সরেজমিনে দেখার পাশাপাশি নাগরিকসেবা আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়।

এ পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ ও বালাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ তরফদার প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন