সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর-রুকনপুর গ্রামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানের নির্মাণকাজের শুভ সূচনা করা হয়।
‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’ নামে এই প্রতিষ্টানটির নামকরণ করা হয়েছে। ক্লিনিকের দুতলা ভবন নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা। এটি চালু হলে স্থানীয় গর্ভবতী নারী ও নবজাতকদের জন্য সাশ্রয়ী ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে। এছাড়া মেটারনিটি ক্লিনিকের কাজ বাস্তবায়নের পরবর্তী সময়ে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় প্রায় দেড় একর (১৫০ শতাংশ) ভূমিতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ওরফানেজ, হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং নার্সিং হোম স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ-পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের কৃতি সন্তান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী প্রকল্পটিকে একটি আলোর বাতিঘর হিসেবে উল্লেখ করেন।
মাতৃস্বাস্থ্য ও শিশু মৃত্যুহার রোধে গ্রামীণ পর্যায়ে এধরনের বিশেষায়িত ক্লিনিক অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগ বালাগঞ্জের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাজ্যের করবী বারাহ কাউন্সিলের টানা দুইবারের সাবেক মেয়র ও আত্ব-তাকওয়া প্রজেক্টের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান আছকির।
সাংবাদিক শাহ মো. হেলাল ও জিল্লুর রহমান জিলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান, থানার অফিসার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ওসমানীনগরের দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রকল্পের উপদেষ্টা ছহুল এ মুনিম, আব্দুল হক আবু, ফাউন্ডার এখলাছুর রহমান লায়েক, প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছানাওর আহমদ সিতাব, অধ্যক্ষ খলিলুর রহমান, গহরপুর জামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন ও গহরপুর ব্লাড ফাইটার্সের সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজসহ অন্যান্যরা।
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমদ নেছাওর সহ প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, অবহেলিত জনপদের মানুষের দোরগোড়ায় মানসম্মত মেটারনিটি সেবা পৌঁছে দিতেই এই ক্লিনিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয়দের ভালোবাসায় প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হবে।
এদিকে, অনুষ্ঠানের পুর্বে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ওসমানীনগরের দয়ামীর ইউয়িয়নের খাগদিওর সাত আউলিয়া পাড়া গ্রামে যুক্তরাজ্যস্থ করবী বারাহ্ কাউন্সিলের সাবেক মেয়র ও আত্ব-তাকওয়া প্রজেক্টের সেত্রেটারি মুজিবুর রহমান আছকিরের আমন্ত্রণে তার বাড়িতে যান এবং সেখানে মধ্যাহ্নভোজ করেন।
