লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বামৈ বড়বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অপরাধ দমনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাজারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বামৈ বড়বাজার কে নিরাপত্তার আওতায় আনার লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।
বামৈ বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শেখ ফরিদ মিয়ার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুদ্দীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিয়া মোহাম্মদ লায়েছ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আহমেদ আজমসহ বাজারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে বামৈ বড়বাজারে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কোনো অপরাধ সংঘটিত হলে ক্যামেরার ফুটেজের মাধ্যমে অপরাধী শনাক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তকাজে সহযোগিতা করা সহজ হবে।
বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে বামৈ বড়বাজারে ব্যবসাবান্ধব ও নিরাপদ পরিবেশ আরও সুদৃঢ় হবে।
