- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

​বান্দরবানে শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন দক্ষিণ সুরমার জামিল আহমদ

বান্দরবান জেলা পুলিশের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা তেতলী ইউনিয়ন পরিষদের পুরান তেতলী (বড়বাড়ি) গ্রামের কৃতি সন্তান জামিল আহমদ । আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও পেশাগত অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

​বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান জেলার পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

​অনুষ্ঠানে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা দ্রুত নিষ্পত্তি এবং জনসেবায় আরও অধিক সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে নির্দেশ দেন।

​সম্মাননা প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এই অর্জন তাঁর দায়িত্ববোধ ও কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে। তিনি বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

​উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন