বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে। সেখানে বলা হয়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হন- তাদের ক্ষেত্রেই এ নীতিমালা প্রযোজ্য হবে।

দূতাবাস জানিয়েছে, এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। স্বল্পমেয়াদি সফর, ব্যবসা বা ভ্রমণের ভিসা (নন-ইমিগ্র্যান্ট) আগের নিয়মেই চালু থাকবে।

এছাড়া প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে ও নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও চালু থাকবে। তবে চূড়ান্ত ভিসা ইস্যু স্থগিত থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের আর্থিক স্বনির্ভরতার ওপর জোর দিয়েছেন। তার অবস্থান অনুযায়ী, নতুন অভিবাসীরা যেন করদাতাদের ওপর বোঝা না হন, তা নিশ্চিত করতে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের স্ক্রিনিং ও যাচাই নীতিমালা পুনর্বিবেচনা করা হচ্ছে।

২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় রয়েছে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া, রাশিয়াসহ কয়েক ডজন দেশ।

বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতির এই পরিবর্তন বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর পরিবারভিত্তিক ও কর্মসংস্থানভিত্তিক অভিবাসন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তবে চূড়ান্ত বাস্তবায়ন ও পরবর্তী নির্দেশনার ওপরই নির্ভর করবে ভবিষ্যৎ পরিস্থিতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন