ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ (তাহিরপুর,জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার তার নিজ কেন্দ্রে পরাজিত হয়েছেন। শুধু তাই নয় বিধি অনুয়ায়ী নির্বাচনে মোট ভোটের আট শতাংশ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
মুজ্জাম্মিল হক তালুকদারের বাড়ি এ আসনের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামে। তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব।
সরস্বতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি তার নিজ কেন্দ্র। এ কেন্দ্রে ১ হাজার ৮০১ জন ভোটারের মধ্যে মাত্র ৮৭ ভোট পেয়েছেন। এ কেন্দ্রে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল পেয়েছেন ৫৫৩ ও দাঁড়িপাল্লার প্রার্থী তোফায়েল আহমদ খাঁন পেয়েছেন ২০৭ ভোট। এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মামুন ফকির এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো প্রার্থী তার নির্বাচনি এলাকার প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবার, সংসদ সদস্য নির্বাচনে একজন প্রার্থীকে ইসির অনুকূলে ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে। বিধি অনুয়ায়ী নির্বাচনে যারা আট শতাংশ ভোট পাননি তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।
সে হিসাবে সুনামগঞ্জ-১ আসনে নেজামে ইসলাম বাংলাদেশের মাওলানা মুজাম্মিল হক তালুকদার (প্রাপ্ত ভোট ১ হাজার ১৮৪) জামানত বাজেয়াপ্ত হয়েছে। আর এ আসনে ২ লাখ ৫৫ হাজার ৯২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
