
হবিগঞ্জ-২ আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীর সমর্থনে বানিয়াচংয়ে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এল হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন, জমিয়তে উলামায় ইসলাম এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন। সেখান থেকে গণমিছিলটি নতুন বাজার হয়ে বড়বাজার সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ডা. জীবন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তেই ধানের শীষের রাজনীতি। বানিয়াচংয়ের মানুষের ব্যাপক সাড়া তাকে নতুন করে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ডা. জীবন আরও বলেন, নির্বাচিত হলে তিনি বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করবেন।
গণমিছিলে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন, জমিয়তে উলামায় ইসলাম ও গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে বানিয়াচংয়ে ধানের শীষের প্রতি গণমানুষের সমর্থন দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।