
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন-এর সমর্থনে বানিয়াচং উপজেলায় ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩) জানুয়ারি বিকেলে পৃথকভাবে বিভিন্ন ওয়ার্ডে এই গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে এসব গণমিছিল বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিলগুলোতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এরই অংশ হিসেবে বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে এক গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল শেষে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ওয়ার্ড সভাপতি আবদুল মালিক মিয়ার সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি সেলিম মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ। তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন একজন যোগ্য ও গ্রহণযোগ্য নেতা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ওলামাদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মৌলভী দিলোয়ার হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহমেদ, বিএনপি নেতা আলী হোসেন, শেখ বাবুল মিয়া, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবদল নেতা মিন্টু মিয়া, উবায়দুর রহমান, উপজেলা ওলামাদলের প্রচার সম্পাদক হাফেজ ক্বারী ইমরান আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি এম. এ. মতিন আহমেদসহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, বানিয়াচং–আজমিরীগঞ্জের সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণার মাধ্যমে ডা. সাখাওয়াত হাসান জীবনকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।