বানিয়াচংয়ে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও গণমিছিল

হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনকে সমর্থন জানাতে শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকেই বানিয়াচংয়ে বিশাল র‍্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

র‍্যালিটি এল.আর. হাই স্কুল থেকে শুরু হয়ে নতুন বাজার হয়ে স্থানীয় বড়বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। পরে সেখানে স্থানীয়ভাবে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল।

উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর হাজারো মানুষ এই গণমিছিলে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ডা. সাখাওয়াত হাসান জীবনই জনগণের প্রত্যাশিত প্রার্থী। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি এবং সেবায় বৈষম্য প্রকট। তাই পরিবর্তনের আশায় মানুষ ধানের শীষের প্রতি ঝুঁকছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকি (মাখন), সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আল হাদী, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসাইন,সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা–কর্মী এবং বিভিন্ন শ্রেণী–পেশার মানুষও উপস্থিত ছিলেন।

পথসভা শেষে ডা. জীবনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন