- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩০ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তোপখানা ও চাঁনপাড়া মহল্লার যৌথ ফুটবল মাঠে প্রতিদিন শিশু-কিশোররা খেলাধুলা করে। রোববার বিকেলে মাঠে কে আগে এবং কে পরে খেলবে এ নিয়ে দুই মহল্লার কিশোরদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তোপখানা মহল্লার পক্ষ নিয়ে আশপাশের আরও পাঁচ মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালান সংঘর্ষে জড়িতরা। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন