কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তি সম্প্রসারণে অংশীদারিত্বমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনোয়ারুল হক, হবিগঞ্জ ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহানা পারভীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আল হাদী, সহ-সভাপতি মোশারফ হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহির মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এমপি বলেন, “কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।” তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
কংগ্রেসে বক্তারা কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, উন্নত বীজ ব্যবহার ও কৃষক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পরে কৃষি উন্নয়নে অবদান রাখায় কয়েকজন কৃষক ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
