বানিয়াচংয়ে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জের বানিয়াচংয়ে জনাব আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শাহরিয়ার খান নাফিজের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজগেট এলাকায় সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র শরীফ রহমান, অপু মিয়া, আদিয়াত হোসেন, আব্দুল হক মাহিন, ইমরান হোসেন, সজীব হাসান, সৌরভ আহমেদ, মোহাম্মদ আকিব রহমান ও মাজহারুল ইসলাম রাফাত। সংহতি জানান জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সিয়াম মজুমদার এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লামিম।

বক্তারা বলেন, “শিক্ষাঙ্গনে সন্ত্রাসের জায়গা নেই। হামলাকারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আহমেদ আলী, ইশতিয়াক হাসান সাইমুম ও সাব্বির রহমানসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করতে হবে।”

গত ৬ নভেম্বর জামায়াত প্রার্থী জিল্লুর রহমান আযমী শ্রেণিকক্ষে নির্বাচনী বক্তব্য দেন—এ ঘটনার প্রতিবাদে শাহরিয়ার ফেসবুক লাইভে মত প্রকাশ করেন। পরে ৮ ডিসেম্বর নন্দীপাড়া সড়কে তাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। তার বাবা, প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান থানায় অভিযোগ করেন।
অন্যদিকে, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আহমেদ আলী হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন