
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচং উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় অনলাইনে যুক্ত হয়ে ভূমিসেবা মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধন শেষে ভূমি অফিস মাঠে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী , বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মুজিুবল হোসাইন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, বর্তমান সরকার ডিজিটাল ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণ এক জায়গায় বসেই ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সহজে পাচ্ছেন, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে।
তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে দালাল নির্ভরতা কমবে এবং সেবার গতি আরও ত্বরান্বিত হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।