বানিয়াচংয়ের রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার শতভাগ এ-প্লাসে গৌরব অর্জন


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অবস্থিত নুরানী তালীমুল কোরআন বোর্ড পরিচালিত রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসা তৃতীয় শ্রেণীর পরীক্ষায় গৌরবজনক সাফল্য অর্জন করেছে। চলতি বছরের নুরানী তালীমুল কোরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর পরীক্ষায় মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২১ জন পরীক্ষার্থীর সবাই শতভাগ পাস করে সর্বোচ্চ গ্রেড এ-প্লাস অর্জন করেছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এ-প্লাস পাওয়ার পাশাপাশি সম্মিলিত ফলাফলের ভিত্তিতে রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসা সিলেট বিভাগের মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে। এই ব্যতিক্রমী সাফল্যে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু হামিদ মোমশাদ হাসান বলেন, “এই সাফল্য মহান আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ। শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই আজ আমরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। ভবিষ্যতেও দ্বীনি শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

নুরানী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা ক্বারী নবীর আলী বলেন, “নিয়মিত পাঠদান, শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রতি নিবিড় তত্ত্বাবধানের কারণে শতভাগ এ-প্লাস এবং বিভাগীয় মেধা তালিকায় স্থান অর্জন সম্ভব হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা কোরআনের আলোয় আলোকিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক।”

মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন