- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বিধ্বংসী ইনিংসে সিংহাসনে ফিরলেন পোলার্ড

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হওয়া নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় চলছে। প্রতিযোগী হচ্ছেন—কাইরন পোলার্ড ও জশ বাটলার। একদিন পোলার্ড তো অন্যদিন বাটলার।

সেই লড়াইয়ে আবার সিংহাসন ফিরে পেলেন পোলার্ড। গতকাল ২৬ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে রাজত্ব ফিরে পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার। সংক্ষিপ্ত সংস্করণে তার মোট রান এখন ১৪ হাজার ৯২১ রান।

বিপরীতে বাটলারের নামের পাশে রান ১৪ হাজার ৮৯০। সিংহাসন ফিরে পাওয়ার আগে ৩৫ রানে পিছিয়ে থাকা পোলার্ড এখন ৩১ রানে এগিয়ে। সংখ্যা আরো বাড়বে সেটা আর না বললেও চলে।

গতকাল ব্রায়ান লারা স্টেডিয়ামে কীর্তি গড়ার রাতটা অবশ্য জয়ে রাঙাতে পারেননি পোলার্ড।

সেন্ট লুসিয়া কিংসের দেওয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৫ রানের বেশি করতে পারেনি ত্রিনবাগো নাইট রাইডার্স। এতে ৩৬ রানের জয় পেয়েছে সেন্ট লুসিয়া। ২৫০.০০ স্ট্রাইকরেটে ৬ চার ও ৫ ছক্কার ইনিংসে শুধু ব্যবধান কমিয়েছেন পোলার্ড। প্রতিপক্ষের হয়ে ৬১ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলা ওপেনার টিম সেইফার্ট ম্যাচসেরা হয়েছেন। অন্যদিকে পোলার্ডের সতীর্থ সুনিল নারাইনও একটি মাইলফলক ছুঁয়েছেন।

গতকাল জন ক্যাম্পবেলকে এলবিডব্লিউ করে স্বীকৃতি টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে ৬৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ক্যারিবিয়ানদের সাবেক অফস্পিনার। তার ওপরে আছেন আরেক স্পিনার রশিদ খান। ৭৩৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের লেগস্পিনার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন