বিশ্ব তরমুজ দিবস আজ

আজ ৩ আগস্ট, বিশ্ব তরমুজ দিবস। গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ও রসালো এই ফলটি ছোট-বড় সবার কাছেই সমান প্রিয়। প্রায় ৯২ শতাংশ পানি সমৃদ্ধ তরমুজ শরীরকে সতেজ ও পানিশূন্যতা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইতিহাসবিদদের মতে, প্রায় ৫ হাজার বছর আগে প্রাচীন মিশরে প্রথম তরমুজের চাষ শুরু হয়। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের শুরুতে নীল নদের উপত্যকায় এর চাষাবাদের প্রমাণ পাওয়া যায়। এমনকি দ্বাদশ মিশরীয় রাজবংশের রাজা তুতানখামেনের সমাধিতেও তরমুজের বীজ আবিষ্কৃত হয়েছে। প্রাচীন মিশরীয় শিলালিপিতেও বিভিন্ন ধরনের তরমুজের চিত্র দেখা যায়।

আফ্রিকার কালাহারি মরুভূমির বাণিজ্যপথ ধরে তরমুজের বীজ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরে এটি ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইউরোপ এবং নবম শতাব্দীর শেষ দিকে চীনসহ এশিয়ার অন্যান্য দেশে চাষ হতে শুরু করে। বর্তমানে যুক্তরাষ্ট্রেই ৩০০টিরও বেশি জাতের তরমুজ উৎপাদিত হয়।

স্বাদের পাশাপাশি তরমুজের রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা। এতে থাকা প্রচুর পানি শরীরকে হাইড্রেটেড রাখে এবং কম ক্যালোরির কারণে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ফাইবারসমৃদ্ধ হওয়ায় হজমশক্তি উন্নত করে। এছাড়া ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা ত্বক কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে এবং চুলকে মজবুত করতে ভূমিকা রাখে।

স্বাদ, পুষ্টিগুণ ও গ্রীষ্মের তৃষ্ণা মেটানোর অনন্য ক্ষমতার কারণেই তরমুজের সম্মানে প্রতিবছর ৩ আগস্ট বিশ্ব তরমুজ দিবস উদযাপন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন