নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে সাদা রঙের বিরল প্রজাতির একটি বাজপাখি। কয়েক দিন আগে আবুধাবি ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশনের চূড়ান্ত নিলামে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাজপাখিটি বিক্রি হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে বসেছিল ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুইস্ট্রিয়ান এক্সিবিশন (এডিআইএইচইএক্স) ২০২৬। এ নিলামের শেষ পর্বে অংশ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা জাইর পিওর আল্ট্রা হোয়াইট ফ্যালকন; যা ২.১ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি টাকার বেশি) মূল্যে বিক্রি হয়েছে। এটি এখন বিশ্বের সবচেয়ে দামি বাজপাখি।
দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা অত্যন্ত মূল্যবান ‘জাইর পিওর আল্ট্রা হোয়াইট’ প্রজাতির বাজপাখিটি কেনার জন্য নিলামে তীব্র প্রতিযোগিতা হয়। অসাধারণ ও বিরল সাদা পালক, বিশুদ্ধ বংশধারা এবং আকর্ষণীয় গড়নের কারণে ‘জাইর পিওর আল্ট্রা হোয়াইট’ বাজপাখিটি অত্যন্ত সমাদৃত; আর এ কারণেই এবারের নিলামে এটি ছিল সবচেয়ে কাঙ্ক্ষিত বাজপাখি।
এর আগে একই নিলামে ধবধবে সাদা রঙের আরো দুটি ‘জাইরফ্যালকন’ বিক্রি হয়েছে যথাক্রমে—১৫ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি টাকার বেশি) ও ১১ লাখ দিরহামে (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি)। পাখি দুটি যুক্তরাষ্ট্রের ‘মার্ক মোগলিস ফার্ম’-এ প্রজনন করা হয়েছিল। এই খামার উচ্চমানের শিকারি পাখি প্রজননে পারদর্শী। যেমন: আর্কটিক জাইরফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকন, জাইর-পেরেগ্রিন প্রভৃতি।
আল ধাফরা অঞ্চলের প্রতিনিধি এবং এমিরেটস ফ্যালকনার্স ক্লাবের চেয়ারম্যান শেখ হামদান বিন জায়েদ আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুইস্ট্রিয়ান এক্সিবিশন (এডিআইএইচইএক্স) ২০২৬-এর আয়োজন করে অ্যাডনেক গ্রুপ। এতে কৌশলগত অংশীদার হিসেবে ছিল এমিরেটস ফ্যালকনার্স ক্লাব।
আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন কোম্পানির (অ্যাডনেক) ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও হুমাইদ মাতার আল ধাহেরি জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ ঐতিহ্যকে ধরে রাখতে এবং বিশ্বমঞ্চে তা তুলে ধরতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখে। এটা শুধু বাণিজ্য নয়, মধ্যপ্রাচ্যের ঐতিহ্য রক্ষারও এক অনন্য নিদর্শন বলেও মত তার।
