
সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে আবারও অন্য তিনটি অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে নবনির্মিত তিনটি ঘর হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানের গাঁও ও মান্দারবাজ গ্রামে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সিডস অব সাদাকাহ’র শেল্টার প্রজেক্টের ৫০৩, ৫০৫ ও ৪৮৩ নম্বর এ তিনটি ঘর উদ্বোধন করা হয়। মোনাজাত ও ফিতা কাটার পর উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষানুরাগী ও জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান বলেন, মানবতার কল্যাণে সিডস অব সাদাকাহ’র এ মহৎ উদ্যোগ অসহায় ও দুস্থ পরিবারগুলোর জন্য নতুন আশ্রয় ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনটি অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগের প্রশংসা করে তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন,এ ধরনের উদ্যোগ শুধু অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করে না বরং তাদের নিরাপত্তা, স্বস্তি ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী জুয়েল আহমেদ, আব্দুল খালিক, মোক্তার হোসাইন, মাওলানা মোসাহিদ আলী, মোজাহিদ আলী, আতাউল মুগনি ও হাসান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিডস অব সাদাকাহ’র প্রকল্প সুপারভাইজার হাবিবুর রহমান আবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।