একাধিক গুরুতর ফৌজদারি মামলা, হত্যা মামলা এবং বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত হয়ে পলাতক থাকার অভিযোগে সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখা ছাত্রদলের কর্মী মোঃ জাহেদ আহমদকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলার চরম অবনতি ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি বিবেচনা করে সিলেট জেলা ছাত্রদলের নির্দেশনায় এই সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের দফতর সম্পাদক শামছুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার আওতাধীন বিশ্বনাথ উপজেলা শাখা ছাত্রদলের কর্মী ও সমর্থক মোঃ জাহেদ আহমদের বিরুদ্ধে বিশ্বনাথ থানার একাধিক ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে বিশ্বনাথ জি.আর. নম্বর ২৯৭/২০২১ এবং হত্যা সংক্রান্ত জি.আর. মামলা নম্বর ২২৮/২০২১-এ তিনি চার্জশীটভুক্ত আসামি। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে তাকে প্রাথমিক সদস্যপদসহ ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তি মোঃ জাহেদ আহমদের কোনো ধরনের ব্যক্তিগত, রাজনৈতিক বা আইনি অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একইসাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে।
