সিলেটের বিশ্বনাথ উপজেলায় অনলাইন একটিভিস্ট, লেখক ও মাদ্রাসা শিক্ষক ছাদিকুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বুধবার রাত প্রায় ৩টার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বন্ধুয়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। অজ্ঞাত দৃস্কৃতিকারীরা মাওলানা ছাদিকুর রহমানের বাড়ির জানালা ও কলাপসিবল গেইট ভাঙচুর করে। হামলার সময় তিনি থাইল্যান্ড ভ্রমনে ছিলেন বলে জানা গেছে। মাওলানা ছাদিক বেশি পরিচিত ছাদিক সিরাজি হিসেবে। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাল্যবিবাহ, তালাকের পর নারী ও শিশু নির্যাতন ও বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে অনলাইনে লেখালেখি, সাহিত্য সাধনা ও মানবাধিকার বিষয়ে কাজ করছেন। ধারণা করা হচ্ছে রাজনৈতিক কোনো দলের লোকজন সংক্ষুব্দ হয়ে তার বাড়িতে হামলা করেছে।
হামলা বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী আজ দুপুরে জানিয়েছেন, হামলার অভিযোগ পাওয়ার পর পুলিশ স্থান পরিদর্শন করেছে। কে বা কারা বাড়িতে ভাঙচুর করেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম জানান তিনি খবর পেয়ে সাদিক সিরাজির বাড়িতে গিয়ে সবধরণের আইনী পরামর্শ ও ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তবে ছাদিক সিরাজি বিদেশে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি ।
তার ভাই মিজানুর রহমান জানিয়েছেন, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় কিছু লোক তাদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। ওই সময় পরিবারের সদস্য আতঙ্কিত হয়ে পড়েন। হামলার ঘটনায় বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানান মিজানুর রহমান।
এদিকে ছাদিকের বাসায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সিলেট লেখক ফোরাম ও জেলা মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ। ফোরামের সভাপতি কবি সাহিন রেজা ও কমিশনের সভাপতি এডভোকেট এমএ হান্নান বিবৃতিতে উল্লেখ করেন-একজন লেখক ও শিক্ষকের বাড়িতে হামলা মানে জাতির উপর আঘাতের সামিল। তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
