বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

সিলেটের বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলার দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ খলিল্লাহ, জুলাই যোদ্ধা শামীম আহমদ, লায়েক আহমদ, আমজদ আলী, আবদুল খালিক, ফয়ছল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি। সভার শুরুতে কোরআন বিশ্বনাথ মডেল মসজিদের ইমাম মাহমুদুর রহমান ও গীতা পাঠ করেন দেবাশীষ।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনা সমুন্নত রেখে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে জুলাইয়ে নিহত শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন