‘প্রিমিয়ার লিগ একটি অসাধারণ লিগ, আমার কাছে এটি বিশ্বের সেরা লিগ’—চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের আগে প্রিমিয়ার লিগ নিয়ে এই প্রশংসা করেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। চ্যাম্পিয়নস লিগে আজ রাতে প্রিমিয়ার লিগেরই ক্লাব নিউক্যাসলের মুখোমুখি হবে ফ্লিকের দল।
ফ্লিকের এই কথা অবশ্য নতুন কিছু নয়। প্রিমিয়ার লিগ নিয়ে বেশির ভাগ ফুটবলপ্রেমীর ভাবনাও এমনই। ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের তালিকায় সবার ওপরে রাখা হয় প্রিমিয়ার লিগকে। এই লিগের অন্তত ৪–৫টি ফেবারিট দল প্রতি মৌসুমে শিরোপা লড়াইয়ে মাঠে নামে। ন্যূনতম ব্যবধানে এখানে বেশির ভাগ সময় নির্ধারিত হয় শিরোপার ভাগ্য।
তবে ‘বিশ্বসেরা’ প্রিমিয়ার লিগ নিয়ে ফ্লিকের অন্তত দুশ্চিন্তার কোনো কারণ নেই। পরিসংখ্যান অন্তত তেমনটাই বলছে। বার্সেলোনা শেষ ষোলোয় সর্বশেষ যে পাঁচবার প্রিমিয়ার লিগের ক্লাবের মুখোমুখি হয়েছে, প্রতিবারই তারা জিতেছে। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারিয়েছিল বার্সা।
আজকের ম্যাচের আগে অপ্টার সুপারকম্পিউটারও এগিয়ে রেখেছে বার্সেলোনাকে। সুপারকম্পিউটারের হিসাবে আজকের ম্যাচে বার্সেলোনার জয়ের সম্ভাবনা ৪০.৭%। অন্যদিকে নিউক্যাসলের জয়ের সম্ভাবনা ৩৫.২%।
পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল ও বার্সেলোনার মুখোমুখি ফলাফলও বার্সার পক্ষে। যেখানে বার্সার চার জয়ের বিপরীতে নিউক্যাসলের জয় মাত্র একটি। সর্বশেষ চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের ম্যাচে বার্সা জিতেছে ২-১ গোলে।
পরিসংখ্যান পক্ষে থাকলেও বার্সার অবশ্য নির্ভার থাকার সুযোগ নেই। বিশেষ করে বার্সাকে চোখ রাঙাচ্ছে চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসলের সাম্প্রতিক ফর্ম। নিউক্যাসল তাদের শেষ পাঁচটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে অপরাজিত ছিল (৩ জয়, ২ ড্র)। এটিই ক্লাবটির সবচেয়ে লম্বা সময় অপরাজিত থাকার রেকর্ড। ফলে বার্সাকে এই ম্যাচে সতর্ক হয়েই মাঠে নামতে হবে।
সতর্কতার রসদ থাকলেও ফ্লিকের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুরও, ‘আমার মতে, শুধু নিউক্যাসল, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল বা টটেনহামই নয়, আমাদের দলেরও অসাধারণ সামর্থ্য রয়েছে। আমাদের নিজেদের দর্শনে অটল থাকতে হবে। আমরা চ্যাম্পিয়নস লিগেও বার্সেলোনার মতো খেলতে চাই। আমাদের সমর্থকেরা আমাদের ফুটবল খেলার ধরন নিয়ে গর্ববোধ করে। এটিই আমরা আগামীকাল (আজ) দেখাতে চাই।’
চ্যাম্পিয়নস লিগে ভালো ছন্দে থাকলেও প্রিমিয়ার লিগে নিউক্যাসলের অবস্থা খুব একটা ভালো না। লিগের শেষ পাঁচ ম্যাচের মধ্যে তারা তিনটিতে হেরে টেবিলের ১২তম স্থানে নেমে গেছে। এ ছাড়া এফএ কাপ থেকেও তারা ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নিয়েছে।
তবে মঙ্গলবার রাতে ঘরের মাঠে সমর্থকদের জোরালো সমর্থন পেলে নিউক্যাসল যে বড় হুমকি হয়ে উঠতে পারে, সে বিষয়েও সতর্ক ফ্লিক। নিউক্যাসলের সাম্প্রতিক ছন্দপতন নিয়ে প্রশ্ন করা হলে জার্মান এই কোচ বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ ভিন্ন ধরনের প্রতিযোগিতা। এই পর্যায়ে প্রত্যেক দলই নিজেদের সেরাটা দেখাতে চায়। এখানে আমরা দারুণ এক পরিবেশ পাব। সমর্থকেরা তাদের প্রবলভাবে উজ্জীবিত করবে। তারা অনেক বেশি প্রেস করে খেলবে, ম্যান-টু-ম্যান মার্কিং করবে এবং ম্যাচটিকে খুবই গতিময় ও তীব্র করে তুলবে।’
ফ্লিক আরও বলেন, ‘রক্ষণভাগ থেকে আমাদের সাহসী ফুটবল খেলতে হবে। কাজটা সহজ হবে না, আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। তাদের দলে খুব দ্রুতগতির ও অসাধারণ মানের খেলোয়াড় আছে। আমাদের সেটা সামাল দিতে হবে।’
এই ম্যাচে বার্সেলোনা পাচ্ছে না ইনজুরিতে থাকা জুলস কুন্দে, আলেহান্দ্রো বালদে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, গাভি ও ফ্রেংকি ডি ইয়ংকে। তবে পেটের সমস্যায় ভোগার পর মিডফিল্ডার মার্ক বের্নাল এখন খেলার জন্য প্রস্তুত বলে নিশ্চিত করেছেন ফ্লিক।
সেপ্টেম্বরে বার্সেলোনার নিউক্যাসলকে হারানোর ম্যাচে জোড়া গোল করেন মার্কাস রাশফোর্ড। শনিবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ১-০ গোলের জয়ে এক মাস পর প্রথম একাদশে খেলেন তিনি। ফলে এই ম্যাচেও ফ্লিকের পরিকল্পনায় থাকতে পারেন রাশফোর্ড।
ফ্লিক বলেন, ‘মার্কাস (রাশফোর্ড) ইনজুরিতে ছিল, কয়েক দিন ও কয়েকটি ম্যাচের বাইরে ছিল। এখন সে ফিরে এসেছে। দেখা যাক। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে সে ভালো একটি বিকল্প।’
