বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের চ্যারিটি ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত

যুক্তরাজ্যের উস্টার শহরের মুশালা লাউঞ্জে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল (BBCGH)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য চ্যারিটি ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের উন্নয়ন ও ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল সাড়া লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সুহেল খান, সিইও ও ডিরেক্টর এম শাহাব উদ্দিন, ডেপুটি সিইও আল মামুনের রশীদ হিলারী, ফান্ডরেইজিং ডিরেক্টর মো. আজিজুর রহমান, ট্রাস্টিবৃন্দ, লাইফ মেম্বারবৃন্দ এবং হাসপাতালের ট্রাস্টি মনিরুল হক ও কবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্টার সিটি কাউন্সিলের মেয়র কাউন্সিলর টর পিংরি এবং কিডারমিনস্টার টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র কাউন্সিলর শাজু মিয়া। এছাড়াও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অসংখ্য বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন সাবেক কাউন্সিলর নুরুল হক জেপি এবং মুশালা লাউঞ্জের কর্ণধার লোকমান চৌধুরী। তাদের আন্তরিক প্রচেষ্টা, দক্ষ ব্যবস্থাপনা ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
বক্তারা বলেন, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হাসপাতালের সেবার পরিধি আরও সম্প্রসারণ এবং অসহায় ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, দাতা, ট্রাস্টিবৃন্দ, লাইফ মেম্বার এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে মানবতার সেবায় পরিচালিত এ মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে সবাইকে হাসপাতালের পাশে থাকার আহ্বান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন