
ছবি: প্রতীকী এআই দিয়ে তৈরী
সিলেটের বিয়ানীবাজারে নিজ বসতঘর থেকে রিপা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার পইলগ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
নিহত রিপা আক্তার উপজেলার পইলগ্রামের রাসেল আহমদের স্ত্রী এবং আব্দুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নামাজের জন্য বাড়ির বাইরে ছিলেন রিপার স্বামী রাসেল আহমদ। দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি বাড়িতে ফিরে দেখতে পান, বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এ সময় স্ত্রীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ঘরে প্রবেশ করেন।
ঘরে ঢুকে তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিপা আক্তারকে ঝুলতে দেখেন। তিনি জীবিত আছেন ধারণা করে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য গৃহবধূ রিপা আক্তারের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে কী কারণে রিপা আক্তারের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।