পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি, পণ্যের মূল্য স্থিতিশীল ও সার্বিক বিষয়াদি নিয়ে মৌলভীবাজারের বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান-এর সাথে মতবিনিময় করেছেন নবগঠিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এডহক কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (১১ মে) রাতে বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ব্যবসায়ী সমিতির নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নির্মূল এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তাছাড়া আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে বড়লেখা হাজীগঞ্জ বাজার এলাকায় পুলিশ টহল জোরদার, যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা এবং বাজার এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে তারা প্রস্তাবনা রাখেন।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান ব্যবসায়ী সমিতির নেতাদের সব কথা শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তিনি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান-এর সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী আব্দুল গনি, সদস্য সচিব আব্দুল হক, কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, সদস্য রায়হান মো. মুজিব, আবুল হোসেন, জুবের আহমদ, মো. ইসমাইল হোসেন, মো. আবুল হোসেন, নূরে আলম কামরান প্রমুখ।
পরে বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাকে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
