মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখা।
শনিবার (২৯ আগস্ট) বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বড়লেখা শহর শাখার সভাপতি নুমান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বড়লেখা দক্ষিণ শাখার সভাপতি জেবুল আহমদ ও বড়লেখা উত্তর শাখার সভাপতি হানজালার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা তুহিন, উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, সাবেক জেলা সভাপতি ও উপজেলা নায়াবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি আব্দুল মোহাইমিন, জেলা সভাপতি ফরিদ উদ্দিন, জেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিকক্ষ ময়নুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক জুয়েল আহমদ, শিক্ষা সম্পাদক মো: শিপলুজ্জামান, দাওয়াহ সম্পাদক আব্দুল ওয়াহিদ, বড়লেখা পশ্চিম শাখা সভাপতি এমদাদুল হক এমাদ, সুজাউল মাদ্রাসা সভাপতি মঞ্জুর রহমান, বড়লেখা ডিগ্রি কলেজ সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তোমরা যারা মেধাবী, সাহসী ও স্বপ্নবান—তোমরাই আমাদের সাথে থাকবে। তোমাদের মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব। আমরা হব বড় বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলোকে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলব, মানুষের অধিকার ও মর্যাদার জন্য দাঁড়াব।
বক্তারা আরো বলেন, সামনে তোমাদের জীবন আরো কঠিন ও প্রতিযোগিতাময় হবে। আজ তুমি যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আগামী দিনে তোমার প্রতিযোগিতা শুধু তোমার সহপাঠীদের সাথে নয়; বাংলাদেশের সব মেধাবী শিক্ষার্থীর সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে নিজের কাঙ্ক্ষিত বিষয়ে পড়তে চাইলে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। মানুষের চেষ্টা ও সাফল্যের মূল্য শুধু পৃথিবীতেই নয়, আখিরাতেও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন মানুষের পরিশ্রম, সততা ও নেক আমলের যথাযথ প্রতিদান দেবেন। তাই শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানানো হয়। পরে ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের পক্ষ থেকে মেধা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

