- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বড়লেখায় ইউএনও’র সঙ্গে নিসচার মতবিনিময়, সমন্বিতভাবে কাজ করার আশ্বাস

সড়কের নিরাপত্তা জোরদারে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিসচার একটি প্রতিনিধি দল উপজেলা কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতাবৃদ্ধিতে সড়ক নিরাপত্তা কমিটির প্রস্তাবনা ইউএনও’র কাছে উপস্থাপন করা হয়।

নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন। প্রতিনিধি দলে আরও ছিলেন মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের উদযাপন কমিটির আহবায়ক গোলাম কিবরিয়া, যুগ্ম আহবায়ক আশফাক আহমদ, এহসান আহমদ, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, সদস্য আজিত রবিদাস, ফরহাদ আহমদ ও প্রবিন্স সুচিয়াং প্রমুখ।

সাক্ষাৎকালে নিসচার পক্ষ থেকে বলা হয়, সড়ক নিরাপত্তা এখন শুধু পরিবহন খাতের বিষয় নয়, এটি মানুষের জীবন, জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই দুর্ঘটনা প্রতিরোধে বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, পরিবহন খাত এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় নিসচার পক্ষ থেকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দ্রুত সড়ক নিরাপত্তা কমিটি গঠন করা ও সরকারের বিভিন্ন সড়ক নিরাপত্তামূলক কার্যক্রমে নিসচাকে সম্পৃক্ত করা, জাতীয় দিবসগুলোতে নিসচা প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা, জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা এবং নিসচা বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

নিসচা আরও প্রস্তাব করে একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তুলে নিয়মিতভাবে সড়ক নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হোক এবং এতে নিসচাকে সম্পৃক্ত রাখা হোক।

বৈঠকে সড়ক নিরাপত্তাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার লক্ষ্যে পৃথক একটি কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়। এতে উপজেলা পর্যায়ে শক্তিশালী সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ গঠন, রিয়েল টাইম দুর্ঘটনা তথ্য পর্যবেক্ষণ, সিসিটিভি ক্যামেরার ব্যবহার, সড়ক দখলমুক্ত করা, স্কুল-কলেজ ও মাদ্রাসায় সচেতনতা মূলক ক্যাম্পেইন করা, পরিবহন খাতে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, লাইসেন্স ও যানবাহনের ফিটনেস ব্যবস্থায় কঠোরতা, ওভারস্পিডিং ও ওভারলোডিং, অযথা ক্ষতিকর হাইড্রোলিক হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা, কমিনিউটি পুলিশ ও ট্রাফিক আরও জনবলসমৃদ্ধ করা এবং নিয়মিত চালক ডোপটেস্টের বিষয়েও সুপারিশ করা হয় এবং দুর্ঘটনাপ্রবণ স্থান দ্রুত সংস্কারের প্রস্তাব রাখা হয়।

নিসচার পক্ষ থেকে জানানো হয়, বড়লেখায় সড়কে শৃঙ্খলা ও সচেতনতামূলক কার্যক্রমের ক্ষেত্রেও সংগঠনটির দীর্ঘদিনের আন্দোলন ও প্রস্তাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাছাড়া বিভিন্ন মানবিক ও প্রাকৃতিক দুর্যোগে এবং দেশের কঠিন মূহুর্তে নিসচা অগ্রণী ভূমিকা রাখছে। বর্তমানে সংগঠনটি সড়ক নিরাপত্তাকে আরও কার্যকর ও তথ্যভিত্তিক করার লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।

নিসচার উপস্থাপিত প্রস্তাবগুলোর বিষয়ে ইউএনও বলেন, তিনি বিষয়গুলো নিজে মনযোগ সহকারে দেখবেন এবং দ্রুত সময়ের মধ্যে নিসচা প্রতিনিধিদের সঙ্গে আবারও বসবেন। সড়ক নিরাপত্তায় নিসচাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার জন্য তার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে বলেও আশ্বাস দেন তিনি এবং অক্টোবর মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে ও তিনি বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।

নিসচার পক্ষ থেকে বলা হয়, এসব প্রস্তাব কেবল সুপারিশ নয়, বরং দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, দুর্ঘটনার বাস্তব চিত্র এবং সড়ক নিরাপত্তা নিয়ে বড়লেখা উপজেলায় দীর্ঘ ৮ বছরের কাজের ভিত্তিতে তৈরি একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনার অংশ। সরকারের নীতিগত সহযোগিতা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ পাওয়া গেলে সড়ক নিরাপত্তার কার্যক্রম আরও কার্যকর ও বিস্তৃত করা সম্ভব হবে।

সাক্ষাৎ শেষে নিসচার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহবুব আলম মাহবুবকে নিসচা কেন্দ্রীয় কমিটির প্রেরনকৃত সংগঠনের ৩৩ বছরের পথচলা, আন্দোলন-সংগ্রাম ও কর্মকাণ্ড সংবলিত একটি সুভেনিয়র প্রদান করা হয়। পরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন