- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বড়লেখায় জামায়াত নেতার বক্তব্যে ছাত্রদলের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলামের প্রদত্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ, নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বড়লেখা উপজেলা শাখা।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট বড়লেখায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বড়লেখা, কাঁঠালতলী বাজারে মারামারির একটি ঘটনার প্রসঙ্গ টেনে দাবি করেন, সেখানে “ছাত্রদল ছাত্রদলকে মারছে” এবং মব সৃষ্টি করে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে। পাশাপাশি বড়লেখার আলোচিত মহিষ কাণ্ডসহ আরও কিছু প্রেক্ষাপট টেনে তিনি বিএনপিকে দোষারোপ করে বিভিন্ন মন্তব্য করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মা-বাবাকে সালাম জানিয়ে শিক্ষার্থীদের ছাত্রশিবিরে যোগ দেওয়া বা সমর্থন জানানোরও আহ্বান জানান।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে সম্মানিত করার অরাজনৈতিক ও শুভ মঞ্চে দাঁড়িয়ে একজন দায়িত্বশীল ব্যক্তির আসন থেকে ছাত্রদলকে লক্ষ্য করে এ ধরনের উসকানিমূলক, অপ্রাসঙ্গিক, মনগড়া ও অপপ্রচারমূলক বক্তব্য অত্যন্ত ন্যাক্কারজনক। যেখানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুশিক্ষার দিকনির্দেশনা দেওয়ার কথা, সেখানে কোমলমতি শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক আবেগকে ব্যবহার করে নিজস্ব রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা এবং প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার এই অপচেষ্টা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চরম পরিপন্থী।

ছাত্রদল নেতৃবৃন্দ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং শিক্ষাঙ্গনে সুস্থ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যে মিথ্যাচার করা হয়েছে, তা তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করছেন।

একই সাথে ছাত্রদলের পক্ষ থেকে মাওলানা আমিনুল ইসলামকে তাঁর এই মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানানো হয় এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংবর্ধনা সভা বা শিক্ষা সংক্রান্ত যেকোনো শুভ অনুষ্ঠানকে রাজনৈতিক অপপ্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহ্বান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন