মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী শিক্ষক, শিক্ষার্থী, গ্রুপ ও প্রতিষ্ঠানকে সোমবার দুপুরে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
ইউএনও মাহবুব আলম মাহবুরের সভাপতিত্বে প্রধান শিক্ষক ফয়সল আহমদেওর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আমহেদ মিঠু। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ এমপি বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন করতে চাইলে সর্বাগ্রে শিক্ষার উন্নয়ন করতে হবে। আর এজন্যই বর্তমান সরকার অতীতের যে কোনো সরকারের চেয়ে এবারের বাজেটে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। যা কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি, এমনকি সাহসও করেনি। তিনি মনে করেন বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় এছাড়ও বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সবুর, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাহিদা আক্তার, এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসুক উদ্দিন, মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন প্রমুখ।
