বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে সহকারী কমিশনারের সাথে নিসচা’র মতবিনিময়

মৌলভীবাজারের বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার সাথে মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টায় নিসচা’র একটি প্রতিনিধি দল উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়ে জনস্বার্থে সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, অবৈধ ফুটপাত দখলমুক্তকরণ, যত্রতত্র গাড়ি পার্কি রোধ, ময়লা-আবার্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশন স্থাপন, ইজিবাইকের ভাড়া নির্ধারণ, পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সম্মূখে নতুন করে জেব্রা ক্রসিং স্থাপনসহ জনসচেতনতামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

নিসচা নেতৃবৃন্দরা বড়লেখার সড়ক ব্যবস্থাপনার ও পৌর শহরের নানা সমস্যা এবং জনদুর্ভোগের বিষয় সহকারী কমিশনারের কাছে তুলে ধরলে তিনি গুরুত্বসহকারে তা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে নিসচা’র কার্যক্রমের প্রতি তিনি সাধুবাদ জানান ও সবধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন এবং জনদুর্ভোগ লাঘবে তিনি নিসচা বড়লেখা শাখার সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাবেক সহ-সভাপতি ও পৃষ্টপোষক আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, প্রবীন্স সুচিয়াং প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন