মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় অবৈধ জিরা পাচারের কৌশল পাল্টেছে চোরাকারবারিরা। বিজিবির ব্যপক তৎপরতায় ট্রাকবাহী ভারতীয় অবৈধ জিরার চালান আটকের পর এবার কুরিয়ার সার্ভিসে দেশের বিভিন্ন স্থানে পণ্যপাচারে তৎপর রয়েছে তারা।
বুধবার (১৩ মে) বিকেলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বড়লেখা থেকে ঢাকায় পাচারকালে ২৪ বস্তা অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে বড়লেখা থানা পুলিশ। জব্দকৃত জিরার ওজন ৭২০ কেজি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে ভারত থেকে আনা জিরার চালান বড়লেখা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বড়লেখা অফিসে অভিযান চালায়। অভিযানে প্যাকড এন্ড মার্কেটেড বাই ভিজি এন্ড ব্রাদার্স, গোজরাট, ইন্ডিয়া লেখা স্টিকার সম্বলিত বিশেষ প্যাকেটে ভরা ২৪ বস্তা অবৈধ ভারতীয় জিরা জব্দ করে পুলিশ। বুকিং স্লিপে প্রেরকের স্থানে লেখা ছিল খান এন্টারপ্রাইজ বড়লেখা ও প্রাপকের ঠিকানা দেওয়া হয় এমডি আনিছ, বাবু বাজার ঢাকা।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান বুধবার রাতে জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিস বড়লেখা অফিসে অভিযান চালিয়ে ২৪ বস্তা অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।