- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বড়লেখায় নিসচার উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল চালকদের সম্মাননা প্রদান

সড়ক দুর্ঘটনারোধ এবং চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। ট্রাফিক আইন মেনে এবং সুশৃঙ্খলভাবে মোটরসাইকেল চালানো চালকদের উৎসাহিত করতে তাদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নিসচা বড়লেখা শাখার আয়োজনে প্রেসক্লাবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইয়াম্মি প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্টের সৌজন্যে চালকদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি’র রাজনৈতিক সচিব জয়নাল আবেদিন।

বিশেষ অতিথির বক্তব্যে দেন বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মোহাইমীন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক তারেক আহমদ, সাবেক ছাত্রনেতা শাহজাহান চৌধুরী সাজু।

সংবর্ধিত অতিথিদের পক্ষে বক্তব্য দেন উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মোহাম্মদ কামাল উদ্দিন, মো: জাকির হোসেন। এছাড়াও বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, ব্যবসায়ী আতিকুর রহমান, নিসচা উপদেষ্টা সুলতান আহমদ খলিল, পৃষ্টপোষক নিজাম উদ্দিন, নাদের আহমদ, সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক আহমেদ নোমান, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, দুর্ঘটনা-অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, রাহেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সড়ক দুর্ঘটনাগুলোর একটি বড় অংশ জুড়ে থাকে মোটরসাইকেল। তবে চালকরা যদি ট্রাফিক আইন মেনে চলেন, সঠিক গতিসীমায় গাড়ি চালান এবং হেলমেট ব্যবহার করেন—তবে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। যারা আইন মেনে রাইড করছেন, তাদের এই সম্মাননা অন্যদেরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।

সম্মাননাপ্রাপ্ত মোটরসাইকেল চালকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, নিসচা বড়লেখা উপজেলা শাখার এ ধরনের স্বীকৃতি তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। তারা আগামীতেও নিরাপদ সড়ক গঠনে ট্রাফিক আইন মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে ট্রাফিক আইন মেনে চলা এবং বৈধ কাগজপত্র থাকা বাছাইকৃত ১০ জন মোটরসাইকেল চালকের হাতে সম্মাননা স্মারক ও সচেতনতামূলক লিফলেট তুলে দেন অতিথিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন