সড়কে দুর্ঘটনা প্রতিরোধ, তীব্র যানজট নিরসন এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে টানা চার দিন থেকে বিশেষ ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯তম দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জনদুর্ভোগ লাঘবে বড়লেখা থানা পুলিশ ও নিসচার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ক্যাম্পেইন চলাকালে নিসচা’র নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসন সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে চালক, যাত্রী এবং পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজ করছেন। বিশেষ করে অবৈধ পার্কিং বন্ধ করা, উল্টো পথে গাড়ি চালানো রোধ, ফিটনেসবিহীন যান চলাচল নিয়ন্ত্রণ এবং পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সম্প্রতি নিসচার একটি প্রতিনিধি দল স্থানীয় প্রশাসনের সাথে সাক্ষাৎ করে সড়কে নিরাপত্তা জোরদারে এবং যানজট নিরসনে বিভিন্ন আলোচনা উপস্থাপন করেন। এই প্রস্তাবনার আলোকেই মাঠপর্যায়ে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশের সহায়তায় এই ক্যাম্পেইন গতিশীল করা হয়েছে।
এতে স্থানীয় প্রশাসন, পৌর প্রশাসনের কর্মকর্তা ছাড়াও অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, প্রবিন্স সুচিয়াং, রাহেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নিসচা নেতারা জানান, শুধু সরকারের সদিচ্ছা বা আইন প্রয়োগ করেই সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। এর জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি করতে হবে। সড়কে যানজটমুক্ত পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিসচা’র এই সামাজিক আন্দোলন ও মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত থাকবে।
