মৌলভীবাজারের বড়লেখা পৌর মার্কেট ভবনের ছাদের একাংশের রড ও পলেস্তারা ধসে পড়ে তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর কেনাকাটা চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন শুঁটকি ও সবজি ব্যবসায়ী ছিদ্দিক আলীর দোকানের কর্মচারী আবু তালহা এবং দুই ক্রেতা ছিদ্দিক আহমদ ও সুনিল দাস। ঘটনার পরপরই রাতে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান ও হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানান, শুক্রবার সন্ধ্যায় মার্কেটে বেচাকেনা চলাকালে বিকট শব্দে ছাদের একাংশের রডসহ পলেস্তারা ভেঙে নিচে পড়ে। এতে উপস্থিত লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়। ধসে পড়া স্থানে সে সময় মানুষের উপস্থিতি তুলনামূলক কম থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। তবে যেকোনো মুহূর্তে পুরো ভবন ধসে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, ২০০৬–২০০৭ অর্থবছরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এ পৌর মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দীর্ঘসূত্রতার পর ২০১২ সালে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করে পৌর কর্তৃপক্ষ কাঁচাবাজার ও মাছ বাজারের ব্যবসায়ীদের কাছে দোকান বরাদ্দ দেয়। কিন্তু উদ্বোধনের মাত্র এক দশকের মাথায় ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল ধরে এবং পলেস্তারা খসে পড়তে শুরু করে। ঝুঁকিপূর্ণ এ ভবনে প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভবনটি দ্রুত ভেঙে আধুনিক ও নিরাপদ মার্কেট নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা।
এ বিষয়ে বড়লেখা পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল খালিক জানান, দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ অংশের দোকানগুলো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণার অনুমতি চেয়ে ২০২৩ সালে তৎকালীন পৌর মেয়র এবং ২০২৫ সালে পৌর প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠান। তবে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা আসেনি। সাম্প্রতিক দুর্ঘটনার বিবরণ তুলে ধরে মন্ত্রণালয়ে পুনরায় চিঠি পাঠানো হচ্ছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
