মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে হামলা, তাঁর স্ত্রীকে শারীরিক নির্যাতন, শ্বশুরকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ আরিফুল ইসলাম, আব্দুল কুদ্দুস স্বপনসহ কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারটির দাবি, সম্পত্তি ও ব্যাংক হিসাবে থাকা অর্থ হস্তান্তর এবং প্রবাসী ফখরুল ইসলামের অবস্থান জানাতে চাপ দেওয়ার পাশাপাশি তাঁর স্ত্রী ও সন্তানদের অপহরণ ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে।অভিযুক্ত আব্দুল কুদ্দুস স্বপন হলেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোহাম্মদ আরিফুল হলেন একজন ছাত্রদল নেতা।
জানা যায়,অভিযুক্তদের থেকে প্রাণে বাঁচতে অন্যত্র চলে যাওয়ার প্রায় তিন বছর পর পরিস্থিতি স্বাভাবিক মনে করে সন্তানদের নিয়ে বাড়ি ফেরেন ফখরুল ইসলামের স্ত্রী। এর পরেই গতকাল সোমবার (২০ এপ্রিল) স্কুল থেকে সন্তানদের নিয়ে ফেরার পথে সুজাউল এলাকার বিশাল হেয়ার কাট সেলুনের কাছে তাকে দেখতে পেয়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং স্বামীর ঠিকানা জানতে চেয়ে ধর্ষণ ও সন্তানদের অপহরণের হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগী পরিবার জানায়। এমনকি তিনি বর্তমানে সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, জামায়াত নেতা ও ০৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস ও তাঁদের সহযোগীরা বড়লেখার সুজাউল এলাকার দাউল গ্রামে প্রবাসী ফখরুল ইসলামের বাড়িতে যান। এ সময় তাঁর শ্বশুরকে পেয়ে মারধর করে এবং তাকে প্রাণে মারতে চায়। পরিবারের সদস্যরা চিৎকার ও কান্নাকাটি শুরু করলে উপস্থিত একজন ধারালো অস্ত্র দেখিয়ে সবাইকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় জামায়াত নেতা আব্দুল কুদ্দুস ওই পরিবারের মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক ও পারিবারিক ইতিহাস তুলে ধরে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফখরুল ইসলামের দাবি, তাঁর বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তৎকালীন সময়ে আব্দুল কুদ্দুসের বাবা তাঁর বাবাকে মুক্তিযুদ্ধে অংশ নিতে নিষেধ করেন এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে আঁতাত করে মুক্তিযোদ্ধাদের হত্যার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। তবে তিনি সেই নির্দেশ উপেক্ষা করে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকে কেন্দ্র করে অতীতের বিরোধের জের ধরে তাঁদের পরিবারকে প্রতিশোধের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগকারীর দাবি। এ ছাড়া পরিবারের সম্পত্তি ও ব্যাংক হিসাবে থাকা অর্থ অভিযুক্তদের নামে হস্তান্তর এবং ফখরুল ইসলামের বর্তমান অবস্থান জানাতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অন্যথায় পরিবারের সদস্যদের, এমনকি সন্তানদেরও হত্যা করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ফখরুল ইসলামের অভিযোগ, ২০২৩ সালে স্থানীয় চেয়ারম্যান আব্দুল কুদ্দুস স্বপন ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর, ছিনতাই ও হত্যার হুমকি দেন এবং সম্পত্তির লোভে স্ত্রীকে তালাক দিয়ে বিয়ের চাপ দেন। তিনি এলাকা ছেড়ে যেখানেই অবস্থান নেন, অভিযুক্তরা কোনো না কোনোভাবে সেখানে পৌঁছে তাঁর ক্ষতি করার চেষ্টা করে। একপর্যায়ে পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি কানাডায় চলে যেতে বাধ্য হন।
এ ঘটনায় বড়লেখা থানা ওসি মনিরুজ্জান খান কে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।ভুক্তভোগীর দাবি, পুলিশ তাদের কোনো সহযোগিতা করছে না। বরং অভিযুক্তরা শাসক দলের হওয়ার তাদের কথায় পুলিশ এ অভিযোগ গ্রহণ করছে না।
