মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে ১৭ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বড়লেখা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চোলাইমদসহ গ্রেপ্তার দুজন হলেন-বড়লেখা উপজেলার মহদিকোনা গ্রামের মৃত দছির আলীর ছেলে বদরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৭ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-১৫, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬।
এদিকে, একই দিনে পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলার এজাহারনামীয় আসামি মাহদি হাসান (১৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের আব্দুর রবের ছেলে। এ ঘটনায় বড়লেখা থানায় মামলা নম্বর-১৬, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬; ধারা-৯খ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
