
শীতের মৌসুম মানেই বিয়ে,পিকনিকের আয়োজন। এছাড়া এ সময় বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে। ফলে ভারী খাবার খাওয়া বেড়ে যায়। এতে পেটের উপর চাপও তৈরি হয়। অনেকেরই বদহজম কমাতে ভারী খাবার খয়ে কোমল পানীয় খাওয়ার অ্যভ্যাস আছে। এই অভ্যাস সাময়িক আরাম দিলেও স্বাস্থ্যের ক্ষতি করে। তাই অ্যাসিডিটি এড়াতে স্বাস্থ্যকর উপায় খুঁজে নেওয়া জরুরি। সে ক্ষেত্রে কোমল পানীয়’র পরিবর্তে কিছু স্বাস্থ্যকর পানীয় খেতে পারেন।
জোয়ান-জিরার পানি
বদহজম এড়াতে দারুন কার্যকর জিরার পানি। এক গ্লাস পানিতে ১ টেবিল চামচ জিরা এবং ১ টেবিল চামচ জোয়ান একসঙ্গে মিশিয়ে নিন সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে খালি পেটে পান করুন। রাতে ভেজাতে না পারলে জিরা ও জোয়ান মিশিয়ে ২ গ্লাস পানি দশ মিনিটের জন্য ফুটিয়ে নিন। তার পরে হালকা গরম অবস্থায় সেটি পান করুন। এতে গ্যাসের সমস্যা থেকে রেহাই মিলবে।
আদার রস
গ্যাস-অ্যাসিডিটির সমস্যা এড়াতে আদার রস খেতে পারেন। এক টুকরো আদা থেঁতলে রস বের করে নিন। এতে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এ ছাড়া এক কাপ পানিতে এক টুকরো থেঁতলানো আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এই আদা চাও বদহজমের সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক।
মৌরির চা
মৌরি ভেজানো পানিও হজমের জন্য উপকারী। এই পানীয়ও দ্রুত বদহজম থেকে মুক্তি দিতে পারে। আগের দিন রাতে এক গ্লাস পানিতে দু’চামচ মৌরি ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খালি পেটে পান করুন। সম্ভব না হলে দু’কাপ পানিতে ২ চামচ মৌরি ফুটিয়ে নিন। ভারী খাবার খাওয়ার পরে এই চা খেতে পারেন।