জাতীয় চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতার সুরমা জোনে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজার জেলা দল।
রোববার (১৫ মার্চ) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে এই শিরোপা নিজেদের করে নেয় মৌলভীবাজার।
সিলেটের সবুজ ঘাসে ম্যাচের শুরু থেকেই দাপট বজায় রাখে মৌলভীবাজারের কিশোর ফুটবলাররা। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ম্যাচের মাত্র ৬ মিনিটেই লিড নেয় তারা। ফরোয়ার্ড দীপের দারুণ এক গোলে এগিয়ে যায় দল। প্রাথমিক ধাক্কা সামলে ওঠার আগেই ১৩ মিনিটে ব্যক্তিগত ও দলের পক্ষে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই প্রতিভাবান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ অব্যাহত রাখে মৌলভীবাজারের রক্ষণ ও মধ্যভাগ। ম্যাচের শেষ দিকে দলের জয় সুনিশ্চিত করেন দিপ আরেং। তার করা তৃতীয় গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মৌলভীবাজার জেলা দল।
দলের এই অভাবনীয় সাফল্যের পর মৌলভীবাজার জেলা দলের কোচ জামান আহমদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাদের ছেলেরা আজ মাঠে সেরাটা দিয়েছে। শুরু থেকেই আমাদের পরিকল্পনা ছিল আক্রমণাত্মক ফুটবল খেলা এবং ছেলেরা সেটা সফলভাবে বাস্তবায়ন করেছে। এই শিরোপা মৌলভীবাজারের ফুটবলের জন্য এক নতুন উদ্দীপনা। আমাদের লক্ষ্য এখন জাতীয় পর্যায়ের মূল পর্বেও এই সাফল্যের ধারা বজায় রাখা।”
